সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি

সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

Published : ১০:২২, ২৬ সেপ্টেম্বর ২০২৪

সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঢাকার সড়কগুলোতে লোক সমাগম তুলনামূলক কম দেখা গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয়ে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সরেজমিনে রাজধানীর মহাখালী, গুলশান, বাড্ডা এলাকায় দেখা গেছে, টানা বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে। দুর্ভোগের শিকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এছাড়া রাস্তায় মানুষ ও গণপরিবহনে উপস্থিতি কম দেখা গেছে।

এর আগে গতকাল আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বুধবার ঢাকায় বৃষ্টি হয়েছে। আজও সারাদিন থেমে থেমে ঝিরঝির বৃষ্টির পূর্বাভাস দেয় সংস্থাটি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গতকালের মতো আজও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হবে। মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হবে, মেঘ জমা হয়ে আকাশ থমকে থাকবে। আজ সন্ধ্যার পর বৃষ্টি থেমে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৪ মিলিমিটার। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমে যেতে পারে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement