বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:৪৭, ১৬ আগস্ট ২০২৬

বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ সোজাসাপটা স্বীকার করেছেন, ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশই ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার ব্যর্থতার চেয়ে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সকেই হারের প্রধান কারণ হিসেবে দেখছেন তিনি।

এবিসি স্পোর্টকে ম্যাচের হার নিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’

ম্যাচের প্রথম দিন সকালেই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে যায় বলে মনে করেন স্মিথ। বাংলাদেশের পেসাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত ও ধারালো বোলিং করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন।

স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা তুলনামূলক ভালো করলেও ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে চলে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশের বড় লিডই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্মিথ বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করলেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি। ফলে বড় লক্ষ্য দাঁড় করাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

স্মিথ বলেন, ‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০-এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল।’

তবে এই পরাজয়কে খুব বেশি বড় করে দেখতে রাজি নন স্মিথ। দীর্ঘদিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা অস্ট্রেলিয়ার জন্য এটিকে একটি খারাপ সপ্তাহ হিসেবেই দেখছেন তিনি।

স্মিথ বলেন, ‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’

শেয়ার করুনঃ
Advertisement