ক্যাচ মিসের পর বল ছুড়ে মেরে শাস্তি পেলেন শেফালি ভার্মা

ক্যাচ মিসের পর বল ছুড়ে মেরে শাস্তি পেলেন শেফালি ভার্মা ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৬:৪৪, ২০ অক্টোবর ২০২৬

ক্যাচ মিস করে হতাশায় বল মাটিতে ছুড়ে মারার ঘটনায় ভারতের ওপেনার শেফালি ভার্মাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত রোববার রায়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এ ঘটনা ঘটে। জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে শ্রি চরানির বলে মিড-অফে চিপো মুগেরি-তিরিপানোর ক্যাচ ধরতে ব্যর্থ হন শেফালি। এরপর হতাশা থেকে বলটি মাটিতে ছুড়ে মারেন ভারতের এই ব্যাটার।

শেফালি আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা স্থাপনার অপব্যবহার এই অনুচ্ছেদের আওতাভুক্ত। তার অপরাধটি লেভেল-১ পর্যায়ের বলে বিবেচিত হয়েছে।

নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন শেফালি। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে। কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এর ফলে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন সংশ্লিষ্ট খেলোয়াড়।

শেয়ার করুনঃ
Advertisement