আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:৩১, ২২ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে সমঝোতার পথে রয়েছেন তিনি। প্রাথমিকভাবে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়ে পরে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তা সম্প্রসারণের সুযোগ রাখার আলোচনা চলছে।

২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা দলের সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এর পরও দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে আগে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন তিনি। গত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা থেকেই এমন মন্তব্য করেছিলেন বিশ্বকাপজয়ী এই কোচ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক সিজার লুইস মেরলোর প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি ও এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে তাঁদের বৈঠকের পর বিষয়টি নিয়ে তৎপরতা বাড়ে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই চুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে এখন পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে কোচ থাকার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর। বর্তমানে ১২৪ ম্যাচে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালনের রেকর্ডটি গুইলারমো স্তাবিলের দখলে। ১৯৪০ থেকে ১৯৬০ সালের মধ্যে একাধিক মেয়াদে দলটির কোচ ছিলেন তিনি।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জেতে। এসব সাফল্যে দলটি আন্তর্জাতিক ফুটবলে নতুন উচ্চতায় পৌঁছায়। এবার সামনে থাকা ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য রেখে দল সাজানোর কাজে মনোযোগ দিচ্ছেন কোচ।

লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার মতো অভিজ্ঞ তারকাদের অবসরের প্রেক্ষাপটে নতুন ও তরুণ খেলোয়াড়দের যাচাই করে দেখছেন স্কালোনি। চুক্তি নবায়ন চূড়ান্ত হলে আর্জেন্টিনার ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনা বাস্তবায়নে আরও সময় পাবেন তিনি।

তথ্যসূত্র: ওয়ান ফুটবল

শেয়ার করুনঃ
Advertisement