আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১৭:৪৫, ২২ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হারের পর নতুন দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। ফলে আইসিসির নিয়ম অনুযায়ী, তার বোলিং অ্যাকশনের বৈধতা যাচাইয়ে পরীক্ষা দিতে হবে।

বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে ম্যাচ শেষে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে উদ্বেগের কথা জানান ম্যাচ কর্মকর্তারা। তাঁদের প্রতিবেদনে তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের হয়ে ওই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ২৯ বছর বয়সী এই অফ স্পিনারের। আফগানিস্তানের বিপক্ষে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল আলিসের।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনবিষয়ক নিয়ম অনুযায়ী, অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে আলিসের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন করা হবে। পরীক্ষার মাধ্যমে তার বোলিং অ্যাকশনের বৈধতা যাচাই করা হবে।

এদিকে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দুই ম্যাচেই হেরে ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। আগামী ২৩ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

শেয়ার করুনঃ
Advertisement