বরিশাল সিটি নির্বাচন / তপশিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, আলোচনায় যারা
Published : ১১:০৩, ১৬ আগস্ট ২০২৬
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তপশিল এখনো ঘোষণা হয়নি, এমনকি ভোটের দিন-তারিখও নির্ধারিত হয়নি। তবে এরই মধ্যে মেয়র পদকে ঘিরে নগরীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আগাম তৎপরতা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা, জনসংযোগ ও মনোনয়ন পাওয়ার চেষ্টা।
সম্ভাব্য প্রার্থীদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের একাধিক নেতা মেয়র পদে মনোনয়ন পেতে আগ্রহী। কেউ প্রকাশ্যে নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন, আবার কেউ দলীয় সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দিয়ে নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। তাঁর অনুসারীরা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার করছেন। তবে দলীয় সূত্র বলছে, এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির ও মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
বিএনপির বাইরে জামায়াতে ইসলামীও সম্ভাব্য প্রার্থী নিয়ে প্রস্তুতি নিচ্ছে। দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নাম আলোচনায় রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশও বরিশাল সিটি নির্বাচনে এককভাবে লড়তে আগ্রহী। তবে দলটির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। গত নির্বাচনে দলটির প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এবার নির্বাচন করতে আগ্রহী নন বলে দলীয় নেতারা জানিয়েছেন। আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসিরের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা করছে। বামপন্থী দলগুলোর পক্ষ থেকেও প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে। বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তীর নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজনের নাম রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তপশিল ঘোষণার পরই প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রায় ৫৮ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ড রয়েছে। তিনটি থানা ও ২২৫টি মহল্লা নিয়ে গঠিত এই সিটি করপোরেশনে ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।
































