পরশুরামে ঘরের দরজা ভেঙে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরশুরামে ঘরের দরজা ভেঙে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ফেনী প্রতিনিধি

Published : ১২:২১, ১৮ আগস্ট ২০২৬

ফেনীর পরশুরামে নিজ বসতঘরের দরজা ভেঙে জাহেদা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার গুথুমা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জাহেদা আক্তার ওই এলাকার মোহাম্মদ আবদুল মতিনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার একমাত্র ছেলে চাকরির কারণে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকায় বাড়িতে তিনি একাই বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার আত্মীয়স্বজনরা জাহেদা আক্তারকে দেখতে তার বাড়িতে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই রাতের কোনো একসময় তার মৃত্যু হয়। এরপর প্রায় দুই দিন ঘরের ভেতরেই তার মরদেহ পড়ে ছিল। আশপাশে তেমন লোকজনের উপস্থিতি না থাকায় বিষয়টি কারও নজরে আসেনি।

জাহেদা আক্তারের ছেলে আফজাল হোসেন হৃদয় জানান, ১৬ আগস্ট থেকে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এতে উদ্বিগ্ন হয়ে সোমবার সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়িতে পৌঁছে দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে ছিটকিনি দেওয়া। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে ভেতরে মায়ের নিথর মরদেহ দেখতে পান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের বিষয়ে আফজাল হোসেন হৃদয় বলেন, তার মা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ঢাকা থেকে এসে প্রতিবেশীদের সহায়তায় মায়ের দাফনের ব্যবস্থা করেছেন। তার মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর বা নেতিবাচক তথ্য না ছড়ানোর অনুরোধ জানান তিনি।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, প্রায় দুই দিন ধরে জাহেদা আক্তারকে বাড়ির বাইরে দেখা যায়নি। অসুস্থ একজন বৃদ্ধা একা থাকায় নিয়মিত তার খোঁজখবর নেওয়া প্রয়োজন ছিল।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement