কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ছবি: সংগৃহীত

Business Daily Report

Published : ২০:০৪, ২২ আগস্ট ২০২৬

কুমিল্লার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের নয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সংঘবদ্ধ একটি চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য পরিবহন করছে।

এ তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট রাতে ডিবি পুলিশের একটি দল বুড়িচং থানার ময়নামতি এলাকার কাটা জঙ্গলে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে অবস্থান নেয়। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে ছয়টি মোটরসাইকেলে নয়জন ব্যক্তি সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে সবাইকে আটক করে। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করে কোনো বৈধ নিবন্ধন বা মালিকানাসংক্রান্ত নথি পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে মোটরসাইকেল দেশে আনার কথা স্বীকার করেছেন বলে দাবি ডিবির। এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামিম আহম্মদ, আবদুল করিম, সাইদুল ইসলাম, পাবেল আহম্মদ, হোসাইন, রিপন চন্দ্র দাস, রাজু আহম্মদ, আবিদুল ইসলাম ও কাওছার হোসেন।

উদ্ধার করা মোটরসাইকেলগুলোর মধ্যে চারটি ইয়ামাহা আর১৫ এবং দুটি ইয়ামাহা এমটি১৫ মডেলের। সবগুলো মোটরসাইকেলই নিবন্ধন নম্বরবিহীন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শেয়ার করুনঃ
Advertisement