সন্তানের মরদেহ দেখে কারাফটকেই শেষ বিদায় জানালেন শারমিন

সন্তানের মরদেহ দেখে কারাফটকেই শেষ বিদায় জানালেন শারমিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৬

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মায়ের শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে ছেলের মরদেহ ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে যান স্বজনরা। কারাফটকেই সন্তানকে শেষ বিদায় জানান শারমিন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ নিয়ে একটি ফ্রিজিং ভ্যান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কারাগারের ভেতরে প্রবেশ করেন। সেখানে বন্দি শারমিন সুলতানাকে ছেলের মরদেহ দেখানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে তারা বেরিয়ে আসেন।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাঁদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নিপুন আরও বলেন, তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল। জন্মের পর থেকে খাওয়াদাওয়াসহ তার দৈনন্দিন সব কাজ মা শারমিনই দেখাশোনা করতেন। শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকে তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ সেবন করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে সে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন বাবা।

শারমিনের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না দাবি করে নিপুন অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাঁকে আটক করে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। এ কারণে বাধ্য হয়ে ছেলের মরদেহ কারাগারে নিয়ে স্ত্রীকে শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করেন তাঁরা।

কারাগার থেকে বেরিয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তাঁর বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। মিথ্যা অভিযোগে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শাম্মীর ভাষ্য, তাঁর বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। বোনের জামিন না হওয়ায় সন্তান মায়ের অভাবে মারা গেছে। শেষবারের মতো সন্তানকে দেখতে শারমিনকে মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ কারাগারে আনা হয়। পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। নিয়ম অনুযায়ী তাঁকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement