খুলনায় একই রেললাইনে সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় নিহত ২
Published : ১৩:২৩, ১৭ অক্টোবর ২০২৬
খুলনার ফুলবাড়িগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ১৯ বছর বয়সী এক তরুণ ও ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রায় সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর জয়নাল আবেদীন রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছান। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
খুলনা রেলওয়ে থানার এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।




























