কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০, আহত ৭
Published : ১৪:৪৪, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্টের রান্নাঘর থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে অবস্থানরত পর্যটকেরা বিপদের মুখে পড়েন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠ দিয়ে তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট নয়টি কক্ষ ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনটি কক্ষের পর্যটকেরা চেকআউট করে চলে যান। বাকি ছয়টি কক্ষে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




























