বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
Published : ১৬:৪০, ১৭ অক্টোবর ২০২৬
বান্দরবানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বান্দরবান পৌর শহরের মধ্যমপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে গত পাঁচ মাস ধরে শৈক্যচিং মার্মার সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের সাইনী রিসোর্টে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রিসোর্টে খাবার খাওয়ার সময় ওই নারী বিয়ের বিষয়ে কথা তুললে শৈক্যচিং মার্মা বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। অভিযুক্ত শৈক্যচিং মার্মা তাঁর দূরসম্পর্কের দুলাভাই।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শৈক্যচিং মার্মা। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে এবং অর্থের জন্য ব্ল্যাকমেইল করা হয়েছে। টাকা না দেওয়ায় ওই নারী তাঁর বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি করেন তিনি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যমপাড়ায় নিজ বাড়ি থেকে শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




























