উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
Published : ১৩:০১, ২৪ অক্টোবর ২০২৬
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন ৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাসে করে আসা একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ আমিন সেতুর নিচে পানিতে লাফ দিয়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় যুবদল কর্মী ও সাবেক প্রবাসী রাশেদ আমিন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাওসারকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় সন্দেহের তীর নিজ দলের কয়েকজন নেতাকর্মীর দিকে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৯ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার ছয় ঘণ্টার মধ্যে হত্যায় অভিযুক্ত ৯ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করা হবে।






























