ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৯, ২২ অক্টোবর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৬৮ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে আরও দুজন ডেঙ্গুতে মারা গেছেন।

এ সময়ে সবচেয়ে বেশি ২৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগে ২৫০ জন, বরিশাল বিভাগে ২৩১ জন, খুলনা বিভাগে ২০৬ জন এবং রাজশাহী বিভাগে ১৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১৭৯ জন। একই সময়ে খুলনা বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, বরিশাল বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে সাতজন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। আর অক্টোবরের প্রথম ২২ দিনেই সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১২৩ জন।

শেয়ার করুনঃ
Advertisement