দেশে প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন আনল ইনসেপ্টা

দেশে প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন আনল ইনসেপ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৮, ২৫ নভেম্বর ২০২৬

দেশের বাজারে প্রথমবারের মতো নারীদের জন্য নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রচলিত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বাইরে এই ইনজেকশন নারীরা নিজেরাই শরীরে প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।

ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। পাশাপাশি ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এটি।

প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহে একবার এই ইনজেকশন নিতে হয়। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা ইনজেকশন নিতে নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হবে না। এতে নারীরা আরও সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে ব্যয় ৫ দশমিক ৫২ গুণ কম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পছন্দ করেন, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন।

শেয়ার করুনঃ
Advertisement