গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭ ফিলিস্তিনি নিহত, আহত ২৩
Published : ১৭:৪৫, ১৯ আগস্ট ২০২৬
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ২৩ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উপত্যকার বিভিন্ন হাসপাতাল সাতজনের মরদেহ এবং ২৩ জন আহতকে গ্রহণ করেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৭ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা থামেনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এসব হামলায় আরও ১ হাজার ২৭৩ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ২২৩ জন আহত হয়েছেন।
এদিকে গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ ও সড়কে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। তবে তাদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল অনেক জায়গায় পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
দীর্ঘদিনের ইসরায়েলি হামলায় গাজার বেসামরিক অবকাঠামোর বড় একটি অংশ ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।
































