আফগানিস্তানে বিদ্যালয়ে বিস্ফোরণ, হতাহত বেশ কয়েক শিক্ষার্থী
Published : ১৮:২৫, ২৮ নভেম্বর ২০২৬
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, প্রদেশের আন্দর সের এলাকার একটি বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে।
বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মুখপাত্র জানান, পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার অনুসন্ধান শুরু করেছে।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

































