আল-আকসায় ৫ হাজারেরও বেশি ইসরায়েলির হানা, শিশুসহ আটক ১১৪
Published : ১৭:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২৬
অধিকৃত পূর্ব জেরুজালেমে আগস্ট মাসে আল-আকসা মসজিদ চত্বরে ৫ হাজার ২০৯ জন ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী জোরপূর্বক প্রবেশ করেছে। একই সময়ে দখলদার বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ ১১৪ জন আটক হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নেট।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির বরাته প্রকাশিত মাসিক প্রতিবেদনে গভর্নেট জানিয়েছে, আগস্ট মাসজুড়ে ইসরায়েলি পুলিশের প্রত্যক্ষ সুরক্ষায় আল-আকসা চত্বরে ও এর গেটের আশপাশে অবৈধ বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ এবং ইহুদি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসে আল-আকসায় মোট ৫,২০৯ জন বসতিস্থাপনকারী প্রবেশ করেছে। এর মধ্যে গত ১৩ আগস্ট রেকর্ড সংখ্যক ৭৫০ জন অবৈধ দখলদার একসাথে ওই চত্বরে প্রবেশ করে। এছাড়া ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে পাঁচটি আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ মসজিদ চত্বরে অবৈধ দখলদারদের প্রবেশের অনুমতি দিয়ে আসছে। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ ডিপার্টমেন্ট বরাবরই বলে আসছে যে আল-আকসা সম্পূর্ণভাবে একটি মুসলিম পবিত্র স্থান এবং তারা এই অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়ে আসছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভর্নেট জানিয়েছে, আগস্ট মাসে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা, ৮৩ জনকে আহত এবং পাঁচ শিশুসহ ১১৪ জনকে আটক করেছে। পাশাপাশি ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ৪৪টি বসতিস্থাপনকারী হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
এছাড়া জেরুজালেমে বাড়িঘর, বিভিন্ন স্থাপনা ও জমি লক্ষ্য করে ৪০টি উচ্ছেদ ও ভূমি সমতলকরণের (ডেমোলিশন ও ল্যান্ড-ক্লিয়ারিং) অভিযান চালানো হয়েছে। পাশাপাশি ৮৬টি ভাঙচুরের বা কাজ বন্ধের নোটিশ ও আদেশ জারি করা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ২৭ অক্টোবরের নেসেট (সংসদ) নির্বাচনের আগে কট্টর ডানপন্থী দলগুলোকে সন্তুষ্ট করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবেই উত্তেজনা বাড়াতে চাইছেন। ফিলিস্তিনিরা বরাবরই অভিযোগ করে আসছে যে, ইসরায়েল আল-আকসা মসজিদ চত্বরসহ অধিকৃত জেরুজালেমকে ইহুদীকরণের এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলার চক্রান্ত তীব্রতর করছে। তারা পূর্ব জেরুজালেমকে তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের শহর, নগর ও শরণার্থী শিবিরগুলোতে বারবার ইসরায়েলি সামরিক অভিযান ও আটকের ঘটনা ঘটে চলেছে। একই সাথে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর অবৈধ বসতিস্থাপনকারীদের হামলাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

































