ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হুতি কমান্ডার নিহত
Published : ২০:৪০, ১৬ অক্টোবর ২০২৬
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরের কাছে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হুতি বিদ্রোহীদের এক কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
শুক্রবার (১৬ অক্টোবর) ইয়েমেনের গণমাধ্যমের মুখপাত্র ফাইয়াদ আল-নোমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, মাউন্ট হানের কাছে সরকারি সেনাদের হাতে নিহত হন আবদুল রহমান মোহাম্মদ সুফিয়ান ওয়াজিহ আল-দিন, যিনি আবু আল-কারার নামেও পরিচিত।
আল-নোমান নিহত ওই হুতি কমান্ডারকে ব্রিগেডিয়ার জেনারেল এবং ইব প্রদেশের ধি আল-সুফাল জেলার পরিচালক হিসেবে উল্লেখ করেন।
তবে সংঘর্ষটি কখন ঘটেছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। কী পরিস্থিতিতে ওই কমান্ডার নিহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে হুতিদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে ইয়েমেনের সংঘাতে গুরুত্বপূর্ণ রণক্ষেত্র হিসেবে রয়েছে তাইজ। শহরটির আশপাশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা ও আরও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে দেশটিতে ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে।


































