সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু সদস্য

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু সদস্য ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১২:৩৮, ১৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবের নাজরান অঞ্চলে যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই গোয়েন্দা নজরদারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

আল-মালিকি বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি সৌদি আরবের ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন ছিল। নিহত দুই ক্রুই কর্মকর্তা পদমর্যাদার ছিলেন বলে জানান তিনি।

এদিকে একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পৃথক এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির একটি দাবি প্রত্যাখ্যান করেন আল-মালিকি। সারি দাবি করেছিলেন, নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে হুথিরা।

এর জবাবে আল-মালিকি সারিবদ্ধভাবে রাখা কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, হুথিরা যে হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করছে, সেটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে নামবে। হেলিকপ্টারটির চেহারা মনে রাখার কথাও বলেন তিনি।

অন্যদিকে, শনিবার রাতভর সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে একাধিক ড্রোন ধ্বংস করার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে খামিস মুশাইতের দিকে নিক্ষেপ করা হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করার কথাও জানিয়েছে জোটটি।

শেয়ার করুনঃ
Advertisement