সৌদি আরব, আমিরাত ও ওমানে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
Published : ১৬:৫৯, ১৯ অক্টোবর ২০২৬
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সতর্কবার্তা জারি করেছে। ইরান ও তাদের মিত্রদের সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং যাতায়াত ও বিমান চলাচলে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, পরিস্থিতির অবনতি হলে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতির জন্য আগাম প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো।
সতর্কবার্তায় হুথি মিলিশিয়াদের পক্ষ থেকে দ্রুত সংঘাত বাড়ানোর আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অতীতে চালানো হামলার প্রসঙ্গ তুলে ধরে দূতাবাসগুলো সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

































