ইয়েমেনে ২৪ ঘণ্টায় ১১৬৪ হামলার দাবি, ৫৫৮ হুথি যোদ্ধা নিহত
Published : ১৫:২৩, ২০ অক্টোবর ২০২৬
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪টি হামলা চালিয়ে হুথি বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটি দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে অন্তত ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল নুজাইলি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানান আল নুজাইলি। তাঁর দাবি, সোমবার পরিচালিত অভিযানে হুথি গোষ্ঠীর ১৩৫টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
আল নুজাইলি জানান, যুদ্ধবিমান, ড্রোন, ফিল্ড আর্টিলারি, রকেট লঞ্চার ও স্নাইপার ইউনিট ব্যবহার করে এসব হামলা চালানো হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে হুথিদের আক্রমণ পরিচালনার অবস্থান ও রসদ সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র এবং শাবওয়া প্রদেশে সরকারি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। এতে হুথিদের চলাচল সীমিত হয়েছে এবং নতুন করে সংগঠিত হওয়া কিংবা শক্তি মোতায়েনের সুযোগ কমেছে বলে দাবি করেন তিনি।
সেনাবাহিনীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পশ্চিম উপকূল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কাছেও সরকারি বাহিনী হুথিদের অগ্রযাত্রা ঠেকিয়েছে। পাশাপাশি হুথিদের সমাবেশস্থল ও হামলা পরিচালনার অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এসব অভিযানে মাঠপর্যায়ের কমান্ডারসহ মোট ৫৫৮ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেন আল নুজাইলি। তাঁর মতে, একই সঙ্গে সরকারি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়াচ্ছে।
ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীকে পরাজিত করার লক্ষ্য নিয়ে গত ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী। অভিযান শুরুর পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।
এ অভিযানে সৌদি আরব বিমান সহায়তা দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার এবং রাজধানী সানাসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করাই ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর লক্ষ্য।
সংঘাত বাড়ার মধ্যে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। আল নুজাইলির দাবি, সোমবার শাবওয়া প্রদেশের একটি সেনা প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এতে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন বলে জানান তিনি।
সূত্র: আরব নিউজ।

































