ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত পবিত্র ঈদুল ফিতর

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২০, ২২ মার্চ ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর সকাল থেকেই দেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রধান জামাত। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জাতীয় ঈদগাহের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। একইসঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের পাঁচটি জামাত।

ঈদের দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিললেও তা মুসল্লিদের উৎসাহে ভাটা ফেলতে পারেনি। হালকা বৃষ্টি উপেক্ষা করেই অনেকে ঈদের নামাজ আদায় করেন। ঢাকার জাতীয় ঈদগাহেও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঈদুল ফিতরকে ঘিরে শহর ও গ্রাম—সবখানেই ছিল উৎসবের আমেজ। নতুন পোশাক পরে শিশুসহ সব বয়সী মানুষ আনন্দে মেতে ওঠেন। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকে আগেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। ঈদকে কেন্দ্র করে ঘরে ঘরে সেমাই, পায়েস, পোলাও ও নানা রকম খাবারের আয়োজন উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র—শাহবাগ, রমনা পার্ক, জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, হাতিরঝিল, মিরপুর চিড়িয়াখানা ও ধানমন্ডি লেকেও দুপুরের পর বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। এদিকে ঈদ সামনে রেখে ঢাকামুখী জনস্রোতের বিপরীতে বিপুলসংখ্যক মানুষ গ্রামে ফেরায় রাজধানী ফাঁকা হওয়ার চিত্রও স্পষ্ট হয়ে ওঠে।

ঈদ উপলক্ষে সরকারি হাসপাতাল, এতিমখানা, শিশু সদন, আশ্রয়কেন্দ্র ও কারাগারগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সাম্য, সম্প্রীতি ও মানবিকতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের জন্যও মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement