রাকিব হত্যা নিয়ে বিস্ফোরক তথ্য পুলিশের

রাকিব হত্যা নিয়ে বিস্ফোরক তথ্য পুলিশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৬, ১৯ মার্চ ২০২৬

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশেই রাজধানীর রমনার কেন্দ্রীয় শহীদ মিনারে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য তুলে ধরেন।

ডিসি জানান, এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেয় বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর। হত্যার কয়েক দিন আগে খুলনা থেকে ভাড়াটে খুনিরা ঢাকায় এসে হোটেল সোনারগাঁওসহ বিভিন্ন হোটেলে অবস্থান নিয়ে পরিকল্পনা করে। এরপর তারা রাকিবের গতিবিধি নজরদারিতে রেখে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সিহাব, রাফিন, জয় ও সাগর ফকিরের মাধ্যমে সালাউদ্দিনকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যার পেছনে মূলত ব্যক্তিগত বিরোধ কাজ করেছে।

জানা গেছে, টিকটকার রাকিব এক বিবাহিত নারী সাফাকে পুনরায় বিয়ে করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে খুলনার সন্ত্রাসী সাজিদের স্ত্রীর সঙ্গে রাকিবের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই ক্ষোভ থেকেই হত্যার পরিকল্পনা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে ১৫ মার্চ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে। সে সময় রাকিব শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তিন থেকে চারজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং পরে মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

নিহত রাকিব (২৫) বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি তিনি টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামে। তার বাবা তরিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলে কর্মরত। রাকিব রাজধানীর নিমতলী নাজিম উদ্দিন রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ডিসি মাসুদ আলম আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement