ঈদ কবে, জানাল সৌদি কর্তৃপক্ষ

ঈদ কবে, জানাল সৌদি কর্তৃপক্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৬, ১৮ মার্চ ২০২৬

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ করেই শেষ হচ্ছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ, শুক্রবার দেশটিতে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বুধবার (১৮ মার্চ) রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার রমজান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল।

ইসলামি বা আরবি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান বছরের নবম মাস, যা সিয়াম সাধনার মাস হিসেবে পরিচিত। অন্যদিকে শাওয়াল হলো দশম মাস। এক মাস রোজা রাখার পর শাওয়ালের প্রথম দিনই বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement