শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী; মিষ্টি বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময়
Published : ০২:৩৭, ২২ মার্চ ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আফরোজা খানম (রিতা) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।
শনিবার বিমানবন্দর পরিদর্শনে গেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে যাত্রীসেবা সহজ ও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতিমন্ত্রী বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং তাদের ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বিমানবন্দরের বর্তমান ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করে বলেন, যাত্রীসেবার এই ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



























