আর্জেন্টিনার শীর্ষ গোলরক্ষকের অবসর ঘোষণা

আর্জেন্টিনার শীর্ষ গোলরক্ষকের অবসর ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫০, ১৭ মার্চ ২০২৬

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক সার্জিও রোমেরো আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন।

৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক অবসরের পর কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে দেশটির গণমাধ্যমে জানা গেছে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ সময় ধরে খেলা রোমেরো মোট ৯৬টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন। জাতীয় দলের হয়ে তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ২০১৫ ও ২০১৬ আসরে প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। এই তিনটি বড় টুর্নামেন্টেই আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

বিশেষ করে ২০১৪ বিশ্বকাপে টাইব্রেকারে তার অসাধারণ নৈপুণ্য তাকে দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে ২০১৮ বিশ্বকাপের আগে চোটে পড়ায় সেই আসরে আর অংশ নিতে পারেননি তিনি। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তার।

ক্লাব ফুটবলে রেসিং ক্লাবের যুব দল থেকে উঠে এসে ২০০৬ সালে সিনিয়র দলে অভিষেক ঘটে রোমেরোর। এরপর তিনি নেদারল্যান্ডসের এজেড আলকমারে যোগ দেন এবং ২০০৯ সালে ডাচ লিগ শিরোপা জয়ের স্বাদ পান। পরবর্তীতে ইতালির সাম্পদোরিয়াতে খেলেন এবং ২০১৩–১৪ মৌসুমে স্বল্প সময়ের জন্য মোনাকোতে ধারে খেলেন।

এরপর ২০১৫ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং ২০২১ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেন। এই সময়ে ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জয়ের অংশ ছিলেন তিনি। পুরো ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ৩৭১টি ম্যাচে মাঠে নেমেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement