ঈদের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবার পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
Published : ০১:৫৫, ২২ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার তিনি মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা) এবং আজিমপুর ছোটমণি নিবাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের খোঁজখবর নেন এবং তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা, সার্বিক অবস্থা, পরিচ্ছন্নতা ও খাবারের মান পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি শিশুদের সঙ্গে কিছু সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের উচ্চবিত্ত ও বিত্তশালী মানুষের এগিয়ে আসা প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।



























