দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ, লক্ষ্য ‘এক নম্বর’

দেশ টেলিভিশনের নতুন এমডি তাবাস্সুম আশরাফ, লক্ষ্য ‘এক নম্বর’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৩, ১৮ মার্চ ২০২৬

সংবাদমাধ্যমকে গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। নৈতিকতা ও নিরপেক্ষতা বজায় রেখে সমাজের নানা অসংগতি তুলে ধরাই এর প্রধান দায়িত্ব। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ও দর্শকদের আস্থা অর্জন করে এসেছে দেশ টেলিভিশন।

দেশের এই সুপরিচিত সংবাদমাধ্যমে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। চ্যানেলটির লক্ষ্য বাস্তবায়নে স্বপ্নসারথী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দেশ টিভিকে দেশের ‘এক নম্বর’ চ্যানেলে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২০০৯ সালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে দেশ টিভি। প্রতিষ্ঠার শুরু থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা প্রচারে কাজ করে যাচ্ছে চ্যানেলটি। দীর্ঘ ১৭ বছরের পথচলায় নানা চড়াই-উৎরাই অতিক্রম করে আগামী ২৬ মার্চ ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এই ১৮ বছরে পদার্পণের মুহূর্তে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন তাবাস্সুম আশরাফ। এ উপলক্ষে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নতুন নেতৃত্বে দেশ টেলিভিশন আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ মহিউদ্দিন।

এ সময় তিনি দেশ টেলিভিশনে কর্মরত গণমাধ্যমকর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয় এবং চ্যানেলটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাবাস্সুম আশরাফ দেশ টিভিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement