তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ত্রাণমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৭, ১৯ জুন ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটপ্রাপ্ত সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শুক্রবার নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ এবং নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী স্মরণ করেন, ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে তিস্তাপাড়ের মানুষের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছিলেন তৎকালীন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনায় এসেছেন।

আসাদুল হাবিব দুলু বলেন, একসময় রংপুর অঞ্চল ছিল কৃষি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। গোলাভরা ধান, গোয়ালভরা গরু এবং পুকুরভরা মাছের পাশাপাশি মানুষের জীবন ছিল প্রাণবন্ত ও সমৃদ্ধ। কিন্তু তিস্তার নাব্যতা সংকট, ভাঙন ও পানির অভাবে সেই চিত্র আজ অনেকটাই বদলে গেছে।

তিনি বলেন, তিস্তার অববাহিকায় বসবাসকারী বহু মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। তাই নদীকে পুনরুজ্জীবিত করতে এবং তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তিস্তা অঞ্চলের পরিবেশ, কৃষি, অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

শেয়ার করুনঃ
Advertisement