দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে
Published : ১০:৫৩, ২০ জুন ২০২৬
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ জুন ২০২৬ পর্যন্ত ফ্লোটিং (ভাসমান) মজুতসহ মোট সরকারি খাদ্যশস্যের মজুত দাঁড়িয়েছে ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টন।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে গুদামগুলোতে ১৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ মেট্রিক টন চাল, ৩ লাখ ৩৬ হাজার ৮৩১ মেট্রিক টন গম এবং ১ লাখ ৬১ হাজার ৮৪ মেট্রিক টন ধান মজুত রয়েছে। ধানকে চালে রূপান্তর করে হিসাব করলে ফ্লোটিং মজুত ছাড়া মোট মজুতের পরিমাণ দাঁড়ায় ২০ লাখ ৩৮ হাজার ১১৪ মেট্রিক টন।
এর সঙ্গে ভাসমান অবস্থায় থাকা ২০ হাজার ৪৩২ মেট্রিক টন গম এবং ১ হাজার ৯৬২ মেট্রিক টন চাল যুক্ত হয়ে মোট সরকারি মজুত ২০ লাখ ৬০ হাজার ৫০৭ মেট্রিক টনে পৌঁছেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বোরো সংগ্রহ অভিযানও জোরেশোরে চলছে। ১৭ জুন পর্যন্ত সরকার মোট ৭ লাখ ১৮ হাজার ৩৭৩ মেট্রিক টন বোরো খাদ্যশস্য সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ মেট্রিক টন ধান, ৫ লাখ ৬৬ হাজার ৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল, ৩১ হাজার ৯৬৮ মেট্রিক টন আতপ চাল এবং ৪৯৪ মেট্রিক টন গম।
অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ১৭ জুন ২০২৬ পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে মোট ৮৫ লাখ ৮৩ হাজার ৫১ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর মধ্যে ৭৩ লাখ ১৬ হাজার ১৯৪ টন চাল এবং ১২ লাখ ৬৬ হাজার ৫৭ টন গম রয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় আমদানি হয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৯৮ টন খাদ্যশস্য, যার মধ্যে ৫ লাখ ৩১ হাজার ৮০ টন চাল এবং ৭ লাখ ৩৫ হাজার ১৮ টন গম। বেসরকারি খাতে আমদানি হয়েছে ৭৩ লাখ ১৬ হাজার ৫৩ টন খাদ্যশস্য, যার বেশিরভাগই চাল।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে দেশের খাদ্য মজুত নিরাপদ পর্যায়ে রয়েছে এবং অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানি কার্যক্রম অব্যাহত থাকায় সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল থাকবে।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মামুন মিয়া বলেন, দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত থাকলেই তা নিরাপদ মজুত হিসেবে বিবেচিত হয়। বর্তমানে মজুত তার চেয়ে অনেক বেশি, যা খাদ্য নিরাপত্তার জন্য ইতিবাচক।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. জামাল হোসেন বলেন, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং খাদ্য মজুত বর্তমানে সন্তোষজনক অবস্থায় রয়েছে।
খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা জানান, চলমান বোরো সংগ্রহ অভিযানের ফলে আগামী মাসগুলোতে খাদ্যশস্যের মজুত আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ৩ মে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ সময়ে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।




























