দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশজুড়ে দোয়া-মিলাদ
Published : ১০:৩১, ১৫ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এটাই তার প্রথম জন্মদিন। এ উপলক্ষে আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন না করে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি নিয়েছে বিএনপি।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও স্থানীয় পর্যায়ে দলীয় কার্যালয় অথবা মসজিদে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয়ভাবে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই তার প্রথম জন্মদিন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন।
এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। পরবর্তী সময়ে তিনি মোট তিন দফায় প্রধানমন্ত্রী এবং দুবার সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি সার্কের প্রথম নারী চেয়ারপারসন হন।
দলীয় প্রধান হিসেবে একাধিক জাতীয় নির্বাচনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও নির্বাচনে সাফল্য পান খালেদা জিয়া। পাঁচটি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করেন তিনি।
২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সময় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত কারাবন্দি ছিলেন তিনি। পরবর্তী সময়ে দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আবারও কারাগারে যান।
করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। এরপর দীর্ঘদিন গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন। অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট স্থায়ীভাবে মুক্তি পান খালেদা জিয়া। পরবর্তী সময়ে বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় আসে এবং তার মৃত্যুর পর দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তার বড় ছেলে তারেক রহমান, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী।
জন্মদিনের অন্যান্য কর্মসূচি
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া বগুড়ার শিবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।






























