৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম
Published : ১৯:৫৭, ২৪ আগস্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দাবি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে।
সোমবার, ২৪ আগস্ট বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি। সেখানে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার যথাযথভাবে পূরণ করতে পারেনি। জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে সরকারের অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার ছয় মাসে ২৯টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যর্থতা ও অপরিকল্পনার পরিচয় দিয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় সরকারের দুঃখ প্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগও করেন এনসিপির আহ্বায়ক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ভবিষ্যৎ নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। দীর্ঘদিনের বিলুপ্তির দাবির পরও সংস্থাটি বিলুপ্ত না করে নতুন নামে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে না পারার বিষয়টিকে সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দেন, সরকার পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়ার চেষ্টা থেকে সরে না এলে ব্যাপক গণআন্দোলনের মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে ভারত ও শেখ হাসিনা প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট ভারত সরকারের সহযোগিতায় দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।



























