স্বাস্থ্যখাতে বড় নিয়োগের প্রতিশ্রুতি তারেক রহমানের

স্বাস্থ্যখাতে বড় নিয়োগের প্রতিশ্রুতি তারেক রহমানের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, গত ১৬ বছরে উন্নয়নের নামে দেশে ব্যাপক লুটপাট হয়েছে। এর ফলে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো আজ ধ্বংসের মুখে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসাসেবা নেই, নেই প্রয়োজনীয় ওষুধও। এই বাস্তবতা পরিবর্তনে বিএনপি সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে গ্রাম থেকে শহর পর্যন্ত স্বাস্থ্যসেবা বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনে নানা প্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই প্রত্যাশা পূরণে বিএনপি ইতোমধ্যে একটি সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে। দলটি বিজয়ী হলে জনগণের স্বার্থে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের নারীদের এগিয়ে নিতে না পারলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। সে কারণে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গৃহিণীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের অবদানকে সম্মান জানিয়ে তাদের আরও এগিয়ে নিতে ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

বেকারত্ব দূর করার বিষয়ে তারেক রহমান বলেন, দেশের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যারা কাজের সন্ধানে বিদেশে যেতে চান, তাদের জন্য ক্ষুদ্র ব্যাংক ঋণ সুবিধা চালু করবে বিএনপি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement