‘হ্যাঁ’ জয়ী হলে দেশ বদলে যাবে: প্রধান উপদেষ্টা
Published : ১৯:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ এক নতুন পথে যাত্রা শুরু করবে এবং ভবিষ্যতে আর কোনো অপশাসনের সুযোগ থাকবে না।
সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক কাঠামোয় এক অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করবে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সচিবদের সঙ্গে আয়োজিত একটি গেট টুগেদার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তার বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সচিব ও সচিবসহ প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা সীমিত পরিসরে বক্তব্য দেন এবং পরে সচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলেন।
শফিকুল আলম আরও জানান, আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন—অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, বরং সেগুলো ছিল ভুয়া প্রক্রিয়া। তবে এবারের নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। নির্বাচনের আর মাত্র দুদিন বাকি রয়েছে এবং দেশ প্রায় লক্ষ্যরেখায় পৌঁছে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট দেশের রাজনৈতিক ব্যবস্থায় এক অনন্য পরিবর্তন নিয়ে আসবে। এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন। অতীতে বিভিন্ন গণঅভ্যুত্থান ও আন্দোলনে প্রবাসীদের যে অবদান ছিল, এবার তা আরও প্রাতিষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ রূপ পেয়েছে। এর ফলে ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তিনি জানান, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হচ্ছে। ভোটারদের ভোট প্রদান পদ্ধতি সহজ করতে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য আলাদা নির্বাচনভিত্তিক অ্যাপ ব্যবহৃত হচ্ছে।
অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের নানা দেশ থেকে বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন, যা প্রমাণ করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা পুনরুদ্ধার হয়েছে।
পাশাপাশি এটি ইঙ্গিত দেয়, তারা এবারের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, শেখ হাসিনার সময় অনুষ্ঠিত আগের তিনটি নির্বাচনের কোনো বৈধতা ছিল না এবং সে সময় উল্লেখযোগ্য আন্তর্জাতিক পর্যবেক্ষকও উপস্থিত ছিলেন না।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে বড় কোনো উত্তেজনা তৈরি হয়নি। প্রচারণা শান্তিপূর্ণভাবে চলছে এবং রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নেতাদের কর্মসূচিতে মানুষের উপস্থিতি বেশি হলেও সার্বিক পরিবেশ শান্ত রয়েছে।
সবশেষে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে উঠবে এবং দেশ একটি ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে যাবে।
বিডি/এএন



























