বাবার পথ অনুসরণ করে গাজীপুরে নতুন ইতিহাসের আশায় রনি
Published : ১৯:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি বাবার মতোই আবার ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বর্তমানে গাজীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর–২ আসনে আয়োজিত এক গণমিছিল ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এম মঞ্জুরুল করিম রনি বলেন, ইনশাল্লাহ, ১২ তারিখ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেদিন আমরা সবাই মিলে বিজয় মিছিল করব। বাংলাদেশে গাজীপুর–২ আসন ইনশাল্লাহ আবারও নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের নেতা যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সকালে সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাবেন, লাইনে দাঁড়িয়ে নিজেরা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং এলাকার মানুষকেও ভোটকেন্দ্রে যেতে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট অর্জনের মাধ্যমে আমরা আমাদের নেতাকে গাজীপুর–২ আসন উপহার দেব।
এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে ভাওয়াল রাজবাড়ী মাঠে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড শিববাড়ী হয়ে বিআরটি বাস টার্মিনালে গিয়ে শেষ হয়, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা আব্দুস সালাম, মেহেদী হাসান এলিস, আ ক ম মোফাজ্জল হোসেন, কাউন্সিলার হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, রোকনুজ্জামান উজ্জ্বল, মাহবুর আলম মোল্লা, শফিকুল আলম মিলু, মনির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।
বিডি/এএন



























