জামায়াত প্রার্থী ডুপ্লিকেট ব্যালট ছাপিয়েছে, বিএনপি প্রার্থী সামু
Published : ১৭:১০, ৯ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল ডুপ্লিকেট ব্যালট ছাপিয়ে নির্বাচনের দিন ব্যালট বাক্স ভর্তি করার চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন একই আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু।
আজ ৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী বলেন, ১১ দলের প্রার্থী বোরকা বানিয়েছে শত শত শুধুমাত্র জাল ভোট দেওয়ার জন্য। তাদের মহিলা ক্যাডারদের জড়ো করেছে। শুধু তাই নয়, ভোটারদের ভোটার তালিকার নম্বর সরবরাহ করার নামে এক হাজার টাকা করে দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য। তারা টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত করছে। তিনি গণমাধ্যম কর্মীদের এবিষয়ে ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সেই সঙ্গে প্রশাসনকে কঠোর নজরদারি করার দাবি জানান। এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানানো হয়।
বিএনপি প্রার্থী শামু বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ১০-৩৩ নং ওয়ার্ড ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে রংপুর-৩ (সদর) আসন। দীর্ঘ ৪০ বছর এ আসনে যে দলের প্রার্থী জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়েছে, এরপর ঢাকায় গিয়ে বিলাসী জীবন যাপন করছে। ওরা শুধু নির্বাচনের সময় আসে সস্তা সেন্টিমেন্ট দেখিয়ে ভোট নেওয়ার পাঁয়তারা করে। কিন্তু এবার জনগণ তাদের সব জেনে গেছে।
বিডি/এএন



























