সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি পোস্টে কঠোর বিধিনিষেধ
Published : ২১:০০, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নির্দেশনা দিয়েছেন আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে অস্ত্র, দায়িত্ব পালন বা নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো ছবি ও ভিডিও পোস্ট করা থেকে আনসার সদস্যদের অবশ্যই বিরত থাকতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ঢাকা মহানগর আনসারের বৃহৎ প্রস্তুতিমূলক সমাবেশে এসব নির্দেশনা দেন মহাপরিচালক। ওই সমাবেশে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য অংশ নেন।
সমাবেশে তিনি নির্বাচনি দায়িত্ব পালনে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। বিশেষ করে ‘নির্বাচনি সুরক্ষা অ্যাপস’, সমন্বিত সিকিউরিটি রেসপন্স সিস্টেম এবং ডিজিটাল ব্যবস্থাপনার কার্যকারিতা তুলে ধরেন তিনি।
মহাপরিচালক বলেন, প্রচলিত সেকেলে পদ্ধতি পেছনে ফেলে আনসার বাহিনী এখন পুরোপুরি ডিজিটাল ব্যবস্থাপনায় প্রবেশ করেছে। সদস্যদের দায়িত্ব বণ্টন থেকে শুরু করে খাবার সরবরাহ পর্যন্ত প্রতিটি বিষয় এখন স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হচ্ছে। এতে বাহিনীর সদস্যরা অনৈতিক চাপমুক্ত থেকে নিজ নিজ বিবেক ও কমান্ড অনুযায়ী দায়িত্ব পালনে উৎসাহিত হচ্ছেন।
আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তারা শুধু একটি বাহিনীর সদস্য নন—তারা জাতীয় পতাকার সম্মান রক্ষাকারী এবং সাধারণ ভোটারের প্রতিনিধি। কোনো রাজনৈতিক পক্ষ নয়, বরং দেশের মানুষ ও মাটির পক্ষেই তাদের অবস্থান।
তিনি স্পষ্ট করে জানান, সন্ত্রাসী চাপ থাকলেও ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো বিশৃঙ্খলা দেখা দিলে ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না।
তিনি সতর্ক করে বলেন, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
যেকোনো ধরনের অপতৎপরতা বা বিভ্রান্তি ঠেকাতে বাহিনী আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত ও সক্ষম। রাষ্ট্রীয় স্বার্থ বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মহাপরিচালক জানান, সারাদেশে প্রায় ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য নির্বাচনি দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২৭ হাজার ৭০৩ জন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
বিডি/এএন
































