ঢাকা উত্তরে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন সুরাইয়া আখতার

ঢাকা উত্তরে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন সুরাইয়া আখতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহানকে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সকল ক্ষমতা প্রয়োগ করবেন এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব তিনি তার নিয়মিত কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন, তবে এর বাইরে কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ থাকবে না।

এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগ সূত্র জানিয়েছে, তার মেয়াদ নতুন করে আর বাড়ানো হচ্ছে না। সে কারণেই ডিএনসিসিতে প্রশাসক পদে নতুন করে সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement