ছায়া মন্ত্রিসভা গঠনে এগোচ্ছে জামায়াত জোট

ছায়া মন্ত্রিসভা গঠনে এগোচ্ছে জামায়াত জোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোট ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসন থেকে নির্বাচন করে পরাজিত জামায়াতের আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পোস্টে তিনি লেখেন, “আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।”

একই বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এই ছায়া মন্ত্রিসভা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে ওয়াচডগ হিসেবে কাজ করবে।

এ ছাড়া ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান)–ও তাঁর ফেসবুক পোস্টে ছায়া মন্ত্রিপরিষদ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার গঠনের প্রাক্কালে বিরোধী জোটের এই উদ্যোগ আগামী দিনের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement