ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে ব্যানার ও পোস্টার খুলে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে জামায়াত আমির জানান, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনের পর পরিবেশ রক্ষা ও নগর শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।
দলীয় সূত্র জানায়, নির্বাচন শেষ হওয়ার পরপরই পরিবেশ সংরক্ষণ ও নগরের সৌন্দর্য বজায় রাখার অংশ হিসেবে ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে সব নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হচ্ছে। এই কার্যক্রম পর্যায়ক্রমে পুরো এলাকায় বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে ডা. শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ফলে জয় ব্যবধান দাঁড়ায় প্রায় ২২ হাজার ভোট।






























