কারাবন্দি অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু
Published : ১৩:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধা জেলা কারাগারে বন্দি অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামিকুল ইসলাম। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরের দিকে মৃত্যুবরণ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগার সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা কারাগারে থাকা অবস্থায় সামিকুল ইসলাম হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পরামর্শ দেন।
রাত ১২টার দিকে সামিকুল ইসলাম রংপুর মেডিকেল কলেজে পৌঁছান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করলে, ভোরের দিকে তার মৃত্যু হয়।
গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, সামিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং উচ্চরক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এর আগে তিনি রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
জেল সুপারের বক্তব্যে বলা হয়, অসুস্থতার পরপরই নিয়ম অনুসারে তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পরবর্তীতে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দিলে পুলিশ স্কোয়াডের মাধ্যমে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।
সামিকুল ইসলামের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি/এএন

































