ডার্ক ওয়েবের নিলামে ৬০ লাখ বাংলাদেশির সিভি, বিডি জবস থেকে সংগ্রহের দাবি

ডার্ক ওয়েবের নিলামে ৬০ লাখ বাংলাদেশির সিভি, বিডি জবস থেকে সংগ্রহের দাবি বিডি জবসের ডাটাবেজ থেকে সিভিগুলো সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছে হ্যাকার গ্রুপ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ১৭:৩১, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশের চাকরির প্ল্যাটফর্ম বিডিজবসের ডাটাবেজ থেকে প্রায় ৬০ লাখ ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করে ডার্ক ওয়েবে বিক্রির জন্য তোলা হয়েছে বলে দাবি করেছে ‘ম্যাডর‌্যাক্স’ নামের একটি হ্যাকারগোষ্ঠী। তবে বিডিজবস কর্তৃপক্ষ তাদের ডাটাবেজে কোনো নিরাপত্তা লঙ্ঘনের তথ্য জানা নেই বলে জানিয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে একটি অনলাইন ফোরামে দেওয়া পোস্টে হ্যাকারগোষ্ঠীটি দাবি করে, তাদের কাছে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের সিভি রয়েছে। তারা সীমিতসংখ্যক ক্রেতার কাছে প্রতিটি ডেটাসেট এক হাজার মার্কিন ডলারে বিক্রির প্রস্তাব দিয়েছে বলেও উল্লেখ করা হয়।

দাবির পক্ষে গোষ্ঠীটি কিছু সিভির নমুনা প্রকাশ করেছে। এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নমুনাগুলোর বিন্যাস বিডিজবসের সিভি টেমপ্লেটের সঙ্গে মিল রয়েছে। তবে ডেটার উৎস ও হ্যাকারদের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিডিজবসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাশরুর বলেন, তাদের ডাটাবেজে অনুপ্রবেশের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তার ভাষ্য, নিয়োগদাতাদের কাছে সরবরাহ করা সিভি বা অন্য উন্মুক্ত অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়ে থাকতে পারে।

তবে সাইবার নিরাপত্তা বিশ্লেষক ও সাইবার ৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের এ ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করে বলেন, বিপুলসংখ্যক সিভির এমন ডেটাসেট অন্য উৎস থেকে সংগ্রহ করে বিক্রির দাবি বাস্তবসম্মত হওয়ার সম্ভাবনা কম। তিনি বলেন, সিভিতে থাকা নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত ও পেশাগত তথ্য অপব্যবহার করে পরিচয় জালিয়াতি, ফিশিং, স্প্যামিং এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্লেষকরা ব্যবহারকারীদের অপরিচিত নম্বর, ই-মেইল, বার্তা ও লিংকের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে অচেনা উৎস থেকে আসা লিংকে ক্লিক করা বা সংযুক্তি ডাউনলোড করা এড়িয়ে চলতে বলা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement