৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩২, ২৮ নভেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকারের প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে আবেদন করেছেন দেশের প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। তাঁদের মধ্য থেকে ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য শনিবার (২৮ নভেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৬ জন প্রার্থী থাকলেও ঢাকায় এ সংখ্যা ৩৪০ জন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। প্রকল্পের তৃতীয় ব্যাচে দেশের ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচিত হবেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকায়। এখানে মাত্র ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৮ হাজার ৫০০ জন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আগ্রহ থেকেই বিপুলসংখ্যক তরুণ-তরুণী এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করেছেন। দেশব্যাপী আবেদনের এই সংখ্যা নতুন প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শেখার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২৯ নভেম্বর)। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন।

দুই মাস মেয়াদি প্রতিটি প্রশিক্ষণ কোর্সে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষণের পাঠ্যক্রমে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন আধুনিক এআই টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এআইভিত্তিক কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল উৎপাদনশীলতা, অটোমেশন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

শেয়ার করুনঃ
Advertisement