এআইয়ের প্রভাবে ২০ বছর অস্থিরতায় পড়তে পারে বিশ্ব অর্থনীতি: বিল গেটস
Published : ১০:৫৪, ২৪ অক্টোবর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি আগামী দুই দশকে বিশ্ব অর্থনীতি ও সমাজে বড় ধরনের পরিবর্তন এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এই প্রযুক্তির প্রভাবে কর্মসংস্থানের ধরন বদলে যাবে এবং মানুষের দৈনন্দিন জীবনেও আসবে ব্যাপক পরিবর্তন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী গেটস এআইনির্ভর অর্থনীতিতে উত্তরণের সম্ভাব্য প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তিগত এই পরিবর্তনে এক পক্ষ যেমন উপকৃত হবে, অন্য পক্ষ তেমনি ক্ষতির মুখে পড়তে পারে। ফলে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমাজকে দীর্ঘ সময় ধরে অস্থিরতা মোকাবিলা করতে হতে পারে।
গেটসের ধারণা, এই পরিবর্তনের সময়কাল প্রায় ২০ বছর পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে এটিকে নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখছেন না তিনি। প্রযুক্তির অগ্রগতির গতি এবং এর বিকাশ কীভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে, তার ওপর নির্ভর করে এই সময়সীমা কমতে বা বাড়তে পারে।
এআই এবং মানুষের মতো দেখতে রোবটের উন্নয়নের ফলে ভবিষ্যতে নির্মাণকাজ, খাদ্য উৎপাদন ও অস্ত্রোপচারের মতো বিভিন্ন দায়িত্ব যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হতে পারে বলে মনে করেন গেটস। তাঁর মতে, এর ফলে পণ্য ও সেবার প্রাপ্যতা বাড়বে এবং ঘাটতি কমে আসতে পারে। তবে শিশুর পরিচর্যা, রান্না, শিল্পচর্চা ও খেলাধুলার মতো কিছু কাজে মানুষ নিজেরাই যুক্ত থাকতে আগ্রহী হবে।
স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ইতিবাচক সম্ভাবনা থাকলেও প্রযুক্তিটির দ্রুত বিস্তারের জন্য সরকার ও সমাজ এখনো যথেষ্ট প্রস্তুত নয় বলে মন্তব্য করেন গেটস। তিনি সাইবার হামলা এবং জীববৈজ্ঞানিক হুমকি মোকাবিলায় সরকারি তদারকি বাড়ানো ও প্রযুক্তিগত নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণের দায়িত্ব কেবল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।
গেটসের সতর্কবার্তা হলো, সবচেয়ে ইতিবাচক পরিস্থিতিতেও এআইয়ের অগ্রগতি মানব ইতিহাসের অন্যতম বড় রূপান্তর ও অস্থিরতার অধ্যায় তৈরি করতে পারে। তবে প্রযুক্তিটির ব্যবহার কোন পথে পরিচালিত হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এখনো রয়েছে।



































