বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ০২:৪৪, ২৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিয়াম ফাউন্ডেশন-এর ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত সময় কাটিয়েছেন।
শনিবার সকালে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি পাশের স্কুলে যান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় পাশের শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রীও তাদের দিকে হাত নেড়ে সাড়া দেন।
পরে মূল অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সরাসরি স্কুলে গিয়ে কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। সেখানে শিশুদের সঙ্গে কিছুক্ষণ খুনসুটি করেন এবং তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করে, কেউ কেউ অটোগ্রাফ নেয়।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে দ্বিতীয় শ্রেণির একটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিশুরা তাদের আঁকা ছবি দেখায় এবং ভবিষ্যতে কী হতে চায়, তা জানায়।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শিশুরা যেমন আনন্দিত হয়, তেমনি এ দৃশ্য দেখে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট সময় স্কুলে কাটান এবং শিক্ষকদের সঙ্গেও কথা বলেন।
এর আগে তিনি বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক।



































