দায়িত্বের মেয়াদ শেষে রাকসুর দফতর ছাড়লেন জিএস সালাহউদ্দিন আম্মার
Published : ১৩:৪২, ৫ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর নিজের দফতর ছেড়েছেন। এ সময় কক্ষটি সিলগালা করে দেওয়া হয়।
রাকসুর কোষাধ্যক্ষের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) রাতে তিনি দফতর ছাড়েন। একই রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন সালাহউদ্দিন আম্মার।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগণ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য, সময় ও শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের কাছে আন্তরিক ক্ষমাপ্রার্থী।’
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাকে আপনারা একটা নতুন জীবন দিয়েছেন। আপনারা আমাকে নির্বাচিত না করলে হয়তোবা নীরবে-নিভৃতে হারিয়ে যেতাম কচুরিপানার মতো।’
আম্মার জানান, প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। বড় একটি দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেষ সময়টা রাকসুর এক বছরের সঙ্গী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কাটিয়েছেন।
তিনি আরও জানান, এখন থেকে পরবর্তী রাকসুর দাবিতে এবং বিগত ৯ দফা আন্দোলন নিয়ে রাবি সংস্কার আন্দোলন প্ল্যাটফর্মে কার্যক্রম চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের জরুরি যেকোনো সমস্যায় তাঁকে স্মরণ করার আহ্বান জানিয়ে আম্মার বলেন, শিক্ষার্থীদের আর্থিক সমস্যাগুলো ইনশাআল্লাহ ‘নভোকালচার’ প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।


































