আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবি শিক্ষার্থী জিসান, উপাচার্যের অভিনন্দন

আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবি শিক্ষার্থী জিসান, উপাচার্যের অভিনন্দন মহিবুল্লাহ শেখ জিসান

Published : ০১:৩২, ২৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক সম্মেলন ‘Open Tech Camp Chiang Mai 2026’-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং জাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান। তাঁর এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা International Media Support (IMS) ও EngageMedia-এর যৌথ আমন্ত্রণে অংশ নেবেন জিসান।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে জিসান তাঁর চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাবেন। তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল ও সাংস্কৃতিক অঙ্গনের জন্যও আনন্দের।

উপাচার্য সম্মেলনে জিসানের সফল অংশগ্রহণ কামনা করার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের সাফল্যও প্রত্যাশা করেন।

সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটর, কমিউনিটি সংগঠক ও ডিজিটাল অধিকারকর্মীরা অংশ নেবেন। মহিবুল্লাহ শেখ জিসান ‘জিসু এন্টারটেইনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি চলচ্চিত্র নির্মাণ ও ডিজিটাল কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন।

 
শেয়ার করুনঃ
Advertisement