নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
Published : ০২:৫৬, ১ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বৃহস্পতিবার বিকেলে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ অধিবেশন পরিদর্শনে এলে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করলে তাদের সামনে সংসদের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ছিলাম, আমার ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল।”
তিনি শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাদের সফলতা কামনা করেন। পরে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক ছবি তোলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে জাতীয় সংসদে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ পরিদর্শন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদে বক্তব্য উপলক্ষে তার প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়।



































