শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোর আলোচনা, সামনে আসছেন নতুন নেতৃত্ব

শেকৃবি ছাত্রদলের নতুন কমিটি নিয়ে জোর আলোচনা, সামনে আসছেন নতুন নেতৃত্ব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৪, ৯ মে ২০২৬

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংগঠনকে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যেই নতুন নেতৃত্ব ঘোষণা করা হতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিতে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, মেধাবী এবং সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজন নেতার নাম ক্যাম্পাসজুড়ে আলোচনায় এসেছে।

সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও পিএইচডি গবেষক আব্দুস সামাদ। ঠাকুরগাঁ জেলার এই ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন রাসেল পারভেজ, জীব্রাইল শরীফ ও শেখ আহসান হাবীব। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে জীব্রাইল শরীফ ও শেখ আহসান হাবীবের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। যদিও সম্প্রতি একটি এনজিও-সংক্রান্ত বিষয়ে শেখ আহসান হাবীবকে ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়েছিল।

১৮তম ব্যাচের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোহাইমেনুল। আওয়ামী লীগ সরকারের সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের বিষয়টি নেতাকর্মীদের মধ্যে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তার পরিবারের একজন সদস্য জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন বলেও জানা গেছে।

১৯তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব ইসলামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত শোয়াইব পরিবারগতভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শেখ হাসিনাবিরোধী আন্দোলনে তার সক্রিয় উপস্থিতির কথাও নেতাকর্মীরা উল্লেখ করছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের অনুসারী বলে জানা গেছে।

একই ব্যাচের সামিউলের নামও আলোচনায় রয়েছে। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক নবীন শিক্ষার্থীদের মধ্যেও নেতৃত্বের সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বকনিষ্ঠ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন মোরসালিন অনিক। বগুড়ার এই শিক্ষার্থী পারিবারিকভাবে বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী বলে জানা গেছে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে শেকৃবি ছাত্রদলকে আরও সক্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার আশা করছেন নেতাকর্মীরা।

শেয়ার করুনঃ
Advertisement